নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার লিমিটেড এবং শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বুধবার (২০ মে) রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নভোএয়ারের সম্মানিত যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের আউটলেট থেকে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি গ্রাহকসেবায় অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন যৌথ কার্যক্রম পরিচালনা করা হবে।
উভয় প্রতিষ্ঠানই মনে করে, এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহকসেবার উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।





